Friday, 4 September 2020

মন্ত্রী নির্মল মাজির মস্তিষ্কে রক্তক্ষরণ, হবে অস্ত্রোপচার


 অসুস্থ রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, বিধায়ক ডাঃ নির্মল মাজি। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় বৃহস্পতিবার তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। কার্ডিওলজি বিভাগের কেবিনে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাতে কার্ডিওলজিস্ট, নিউরো সার্জেন, নিউরোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, মেডিসিন, অ্যানাস্থেশিস্ট–‌সহ একাধিক বিশেষজ্ঞ রয়েছেন। তাঁরা এদিন বৈঠকে ঠিক করেছেন আগামী সোম অথবা মঙ্গলবার নির্মলের মস্তিষ্কের অস্ত্রোপচার করা হবে। আপাতত তিনি স্থিতিশীল হলেও চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর জ্ঞান রয়েছে। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি (‌বিআইএন)‌ ও এসএসকেএম দু’‌জায়গার চিকিৎসকরাই দেখছেন তাঁকে।
সূত্রের খবর, মন্ত্রী বরাবরই হাইপারটেনশন, ডায়াবেটিসের রোগী। হার্টেরও কিছু সমস্যা রয়েছে। গত কয়েক দিন ধরেই মন্ত্রী মাথার যন্ত্রণায় ভুগছিলেন। সেই অবস্থাতেই তিনি কলকাতা মেডিক্যাল কলেজে নিয়মিত যাতায়াত করেন। সেখানকার তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। সেই জন্য করোনা সংক্রান্ত একাধিক বৈঠক করেন। তবে গত দু’‌দিন ধরে তার মাথার যন্ত্রণা বেড়ে যায়। এদিন সকাল থেকে পায়ের ভারসাম্য রাখতে পারছিলেন না। একদিকে পা ফেলতে গিয়ে অন্য জায়গায় পায়ের পাতা পড়ছিল। সেই সঙ্গে মাথায় ব্যথা। চিকিৎসকের পরামর্শ মেনে প্রথমেই বিআইএন যান। বিশেষজ্ঞরা দেখার পর কার্ডিওলজি বিভাগে ভর্তি করেন। নির্মলের সিটি স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্টে সাবডুরাল হেমাটোমা অর্থাৎ মস্তিষ্কে খুলির নীচে রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। এখুনি অস্ত্রোপচারের দিকে এগোলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। কারণ মন্ত্রীর আগে থেকেই রক্ত তরল রাখার অ্যাসপিরিন জাতীয় ওষুধ চলছে। তাই এই কয়েকটা দিন ওষুধেই চিকিৎসা চালিয়ে প্রস্তুত করা হবে অস্ত্রোপচারের জন্য।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: