প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা যশোবন্ত সিং যশোল । রবিবার ভোর রাতে দিল্লির সেনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। ব্রিটিশ ভারতে 1938 সালের 3 জানুয়ারি রাজস্থানের বারমের রাজপুতনার যশোল রাজবংশে তিনি জন্ম গ্রহণ করেন। লেখাপড়া শেষ করে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে ইন্ডিয়ান আর্মি একাডেমির মেও কলেজে ভর্তি হন। পরে তিনি ভারতীয় সেনার অশ্ব বাহিনীর মেজর পদে আসীন হন। 1957 সাল থেকে 1966 সাল পর্যন্ত তিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্ম নিযুক্ত ছিলেন। 1965 সালে ভারত-পাকিস্তান যুদ্ধে তিনি ভারতীয় সেনার নেতৃত্ব দেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার পর তিনি যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। 1980 সাল থেকে 2014 সাল পর্যন্ত একটানা 34 বছর তিনি সাংসদ ছিলেন। ভারতীয় জনতা পার্টি তরফ থেকে তিনি 1980, 1986,1998,1999 ও 2004 সালে পাঁচবার রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া তিনি চারবার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হন যথাক্রমে 1990, 1991,1996 ও 2009 সালে। অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সাংসদ থাকাকালীন দেশের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি রেখে গেলেন তার স্ত্রী কৃষ্ণা সিং যশোল ও একমাত্র পুত্র মানবেন্দ্র সিং যশোলকে। নক্ষত্র পতন ঘটল বিজেপির। সমাপ্তি ঘটলো এক দীর্ঘ 60 বছরের রাজনৈতিক জীবনের। যশোবন্ত সিংহের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং সর্বোপরি তাঁর সহকর্মী অটল বিহারী বাজপেয়ির মন্ত্রিসভা সর্বজ্যেষ্ঠ সহকর্মী লালকৃষ্ণ আদবানী। শোক জ্ঞাপন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।


0 coment rios: