নন্দীগ্রামে রাস্তা খারাপের প্রতিবাদে টোটো ও অটো চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করলো পূর্ত বিভাগের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে নন্দীগ্রাম থানার তাজপুর এলাকায়। উল্লেখ্য পূর্ব মেদিনীপুর এর নন্দীগ্রাম থানার টেঙ্গুয়া থেকে তেরপেখিয়া যাওয়ার রাস্তার বেহাল দশা। রাস্তার মাঝে মাঝে তৈরি হয়েছে বড়ো বড়ো গর্ত। দিন দিন রাস্তায় মানুষের চলাচল এর অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ ও বড়ো গাড়ি ,অটো, টোটো,বাইক চলাচল করে। রাস্তা খারাপ এর জন্য দৈনন্দিন সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের থেকে শুরু করে গাড়ি, অটো, টোটো, ড্রাইভার সবাইকেই।
মাঝে মধ্যেই গর্ত এড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ছোট-বড় সব গাড়ি। সামান্য বৃষ্টি হলে রাস্তা আরও খারাপ এর চেহারা নেয়। মনে হয় পুকুরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। স্থানীয় জন প্রতিনিধি, ব্লক প্রশাসন সহ জেলা প্রশাসনিক কর্তাদের বারবার জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। আজ শনিবার তাই বাধ্য হয়ে টেঙ্গুয়া থেকে তেরপেখিয়া রাস্তার তাজপুর এলাকায় টোটো ইউনিয়ন ও অটো চালকরা রাস্তায় তাদের টোটো-অটো রেখে বিক্ষোভে সামিল হয়েছেন। ঘন্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ। পরে অবশ্য নন্দীগ্রাম থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি যত দ্রুত সম্ভব প্রশাসনের কাছে পৌঁছে দেবার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।



0 coment rios: