আইপিএল নিয়ে অনিশ্চয়তা চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করে যাচ্ছে, চলতি বছরেই আইপিএল আয়োজন করার। দেশের মাঠে না হলেও যদি দুবাইতে আয়োজন করা যায়, সেই চেষ্টাও চালাচ্ছে বিসিসিআই। কারণ আইপিএল না হলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকে। যদিও এর মধ্যেই জোর ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড। ‘অন্যায়ভাবে’ ডেকান চার্জার্সকে আইপিএল থেকে বাদ দেওয়ার জ
ন্য হায়দরাবাদের মিডিয়া গ্রুপ ডিসিএইচএলকে ৪৮০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কোর্ট নিযুক্ত আর্বিট্রেটর রায় দিয়েছে ডেকান ক্রনিকাল হোল্ডিংসের পক্ষে। ২০০৮ সালে ডিসিএইচএল ১০৭ মিলিয়ন ডলারের বিনিময়ে ১০ বছরের জন্য হায়দরাবাদ ফ্রাঞ্চাইজি কিনেছিল।
২০০৮ সালে ৮ দল নিয়ে শুরু হয়েছিল আইপিএল। ভিভিএস লক্ষ্মণ, শাহিদ আফ্রিদি, অ্যাডাম গিলক্রিস্টের মতো ক্রিকেটাররা ডেকান চার্জার্স দলে খেলেছেন। ২০০৯ সালে আরসিবিকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে ডেকান চার্জার্স। কিন্তু ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ডেকান চার্জার্সকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই ফ্রাঞ্চাইজি মালিকরা বোম্বে হাইকোর্টে বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন। এই ঘটনার কিছুদিন পরেই আইপিএলে হায়দরাবাদ থেকে নতুন দল নেওয়ার জন্য টেন্ডার ডাকে বোর্ড। সান টিভি নেটওয়ার্ক নতুন দল নামায় সানরাইজার্স হায়দরাবাদ নামে। এরপর হাইকোর্ট দু’পক্ষের এই সমস্যা মেটানোর জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সিকে ঠাক্কারকে আর্বিট্রেটর নিযুক্ত করে। দীর্ঘ আট বছর পর শুক্রবার এই মামলায় জয়ী হল ডিসিএইচএল। ভারতীয় ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে, সেপ্টেম্বরের মধ্যে ৪৮০০ কোটি টাকা মিটিয়ে দেওয়ার। শোনা যাচ্ছে এই রায়ের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করতে পারে বিসিসিআই। বোর্ডের অন্তবর্তী সিইও হেমাঙ্গ আমিন বলেছেন, ‘রায়ের কপি এখনও হাতে পাইনি। আগে কপি পাই। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
গোটা বিষয়টির সূত্রপাত হয়েছিল ডিসিএইচএল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১০০ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি বিসিসিআইকে দিতে ব্যর্থ হওয়ায়। তার প্রেক্ষিতেই আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয় ডেকান চার্জার্সকে।
২০১৭ সালেও বরখাস্ত হওয়া আরেক দল কোচি টাস্কার্স কেরালা বোর্ডের বিরুদ্ধে মামলায় জিতেছিল। তখন বিসিসিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল ৮৫০ কোটি টাকা মিটিয়ে দেওয়ার জন্য। সেই রায়ের বিরুদ্ধেও আদালতে যায় বোর্ড। যার নিষ্পত্তি এখনও হয়নি।


0 coment rios: