একের পর এক মহাজাগতিক বস্তুরা ধেয়ে আসছে পৃথিবীর দিকে। উত্তর গোলার্ধের আকাশজুড়ে এখনও আলো ছড়াচ্ছে ধূমকেতু নিওয়াইস। তার থেকে অবশ্য ক্ষতির কোনও সম্ভাবনা নেই। কিন্তু মহাকাশবিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে উঠেছে ছন্নছাড়া এক বিশাল গ্রুহাণু। দুরন্ত গতিতে সে ছুটে আসছে পৃথিবীরই দিকে। আগামী ২৪ জুলাই পৃথিবীর একেবারে কাছ ঘেঁষে চলে যাবে এই গ্রহাণু। ঘাতপ্রতিঘাতের সম্ভাবনা আছে কি? সে ব্যাপারে নিশ্চিত তথ্য দিতে পারেনি নাসা।
‘অ্যাস্টেরয়েড ২০২০ এনডি’, এই গ্রহাণুই এখন চিন্তার কারণ হয়ে উঠেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার। এই গ্রহাণু নাকি আকারে ইংল্যান্ডের ঐতিহ্যশালী ‘লন্ডন আই’-এর থেকেও বিরাট। এর গতি ঘণ্টায় ৪৮ হাজার কিলোমিটার। প্রতি মুহূর্তে পৃথিবীর সঙ্গে তার দূরত্ব কমে আসছে।
২০২০ এনডি-কে নিয়ে খুব একটা স্বস্তিতে নেই বিজ্ঞানীরা। তাই একে ‘পোটেনশিয়ালি হ্যাজার্ডাস অ্যাস্টরয়েড’ (PHA)নামেই ডাকা হচ্ছে। ১৭০ মিটার লম্বা এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর দূরত্ব থাকবে ০.০৩৪ অ্যান্ট্রনমিকাল ইউনিট অর্থাৎ প্রায় ৫০ লক্ষ ৮৬ হাজার ৩২৮ কিলোমিটার। পৃথিবীর অভিকর্ষজ বলের টানে আরও কাছাকাছি চলে আসার সম্ভাবনাও রয়েছে।
পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু বা নিয়ার আর্থ অবজেক্ট (NEO)-দের গতিবিধির দিকে সতর্ক নজর রেখে বসে আছে নাসার নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ সেন্টার (CNEOS)। সেখানেই ধরা দিয়েছে ২০২০ এনডি। বিজ্ঞানীরা বলছেন, শুধু ২০২০ এনডি নয় আরও দুই গ্রহাণুও দুরন্ত গতিতে এগিয়ে আসছে পৃথিবীর দিকে। এই দুই গ্রহাণুর নাম ২০১৬ ডিওয়াই৩০ (2016 DY30) ও ২০২০ এমই৩ (2020 ME3)। এদের মধ্যে ২০১৬ ডিওয়াই৩০ গ্রহাণুর গতিবেগ প্রতি ঘণ্টায় ৫৪ হাজার কিলোমিটার এবং ২০২০ এমই৩ গ্রহাণুর বেগ প্রতি ঘণ্টায় ১৬ হাজার কিলোমিটার। ১৯ জুলাই রবিবার পৃথিবীর খুব কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে ২০১৬ ডিওয়াই৩০ গ্রহাণুর। পরেরটি আসবে ২১ জুলাই নাগাদ।
পৃথিবীর দিকে গ্রহাণুদের নজর বহুদিনের। সেই ২০১৬ সালেই বিশাল চেহারার এক গ্রহাণু যার নাম ‘বেন্নু’ পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। তবে এই গ্রহাণু এখনও অনেক দূরে। পৃথিবীর কাছাকাছি আসতে তার বিস্তর দেরি। সেই ২১৩৫ সাল নাগাদ পৃথিবী আর চাঁদের মাঝামাঝি চলে আসবে এই বেন্নু। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীতে আছড়ে পড়তে তার সময় লাগবে দেড়শো কি পৌনে দুশো বছর। নাসা এই গ্রহাণুর গতিবিধি বুঝে একে আটকানোর উপায় বের করেছে। বেন্নুতে পৌঁছে এই গ্রহাণুর হালহকিকত দেখার জন্য তার মহাকাশযান ‘ওসিরিস-রেক্স’ কে পাঠিয়েছে। এই মহাকাশযান বেন্নুতে পৌঁছে তার কার্বন ভরা পিঠ থেকে নুড়ি-পাথর কুড়িয়ে আনবে। গ্রহাণুতে জলের অস্তিত্ব আছে কিনা খুঁজে দেখবে।


0 coment rios: