দিল্লিতে নারী নিগ্রহ আর লাগাম পরানো গেল না। এই করোনা পরিস্থিতিতেও রেহাই পাচ্ছেন না মহিলারা। এমনকী নাবালিকারাও। এবার এক নাবালিকার যৌন হেনস্থা হল কোভিড চিকিৎসা কেন্দ্রে। করল আর এক কোভিড আক্রান্ত যুবক। দ্বিতীয় এক কোভিড আক্রান্ত যুবক ঘটনার ভিডিও করছিল। ১৫ জুলাইয়ের ঘটনা।
নাবালিকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দুই যুবককে। তাঁদের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ এসেছে। তবে কোভিড সারেনি বলে এখনও চিকিৎসা কেন্দ্রেই রয়েছেন।
নিগৃহীতার কোভিড হয়েছে। তার এক আত্মীয়রও কোভিড ধরা পড়েছে। জুলাইয়ের শুরুতে দু’জনেই ওই কোভিড চিকিৎসা কেন্দ্রে ভর্তি হন। ঘটনার দিন রাতে শৌচালয়ে গেছিল কিশোরী। শৌচালয়ে ঢুকে তার ওপর চড়াও হয় ১৯ বছরের যুবক। যৌন নিগ্রহ করতে থাকে। সেই ভিডিও করে আর এক যুবক নিজের মোবাইলে।
কিশোরী শয্যায় ফিরে তার আত্মীয়কে সব কথা জানায়। আত্মীয় ইন্দো–তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)–এর চিকিৎসকদের অভিযোগ জানান। ওই কোভিড চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে রয়েছে আইটিবিপি। এর পর আইটিবিপি রক্ষীরা দিল্লি পুলিশকে খবর দেয়। অতিরিক্ত ডিসিপি (দক্ষিণ) পরভিন্দর সিং জানালেন, পকসো ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়। তবে কোভিডের কারণে আপাতত এইমস–এ রাখা হয়েছে অভিযুক্তদের। রিপোর্ট নেগেটিভ এলে তাঁদের জেলে পাঠানো হবে। নিগৃহীতা এবং তার আত্মীয়কে অন্য কোভিড চিকিৎসা কেন্দ্রে সরানো হয়েছে। ঘটনার সময় আইটিবিপি–র রক্ষীরা কী করছিলেন, ওই দুই যুবক কীভাবে মহিলা শৌচালয়ে ঢুকল, তাও খতিয়ে দেখা হচ্ছে।


0 coment rios: