আগামী 26 নভেম্বর 7 দফা দাবিতে বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং সারা ভারত কিষান সংঘর্ষ কো অর্ডিনেশন কমিটির ডাকে সর্বভারতীয় ধর্মঘট এর ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘট কে সফল করার উদ্দেশ্যে রবিবার সকালে বালিখাল থেকে শিবপুর বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত এক মিছিলের আয়োজন করে সিপিএম সহ বামফ্রন্টের অন্যান্য শরিকরা। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধর্মঘটের সরাসরি বিরোধিতা করা হচ্ছে। অতিমারির সময়ে প্রত্যেক গরিব পরিবারকে 10 হাজার টাকা অনুদান, বেকারদের চাকরি, প্রত্যেকের জন্য নূন্যতম 10 কেজি রেশন, করোনার বিনামূল্যে চিকিৎসা এবং নারী নিরাপত্তাসহ একগুচ্ছ দাবিতে এই ধর্মঘট।
ধর্মঘট প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য অভিযোগ করেন, তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়া রয়েছে। তাই তারা প্রশাসনকে ব্যবহার করে ধর্মঘট ভাঙ্গার চেষ্টা করবে। কিন্ত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এই ধর্মঘট সফল করবেই।এদিকে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ধর্মঘটকে কটাক্ষ করে বলেন, সিপিএম আগে প্রত্যেক বছরে দুটো করে বন্ধ ডাকত। এটা তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে। তিনি আরও বলেন, অতিমারির সময় গোটা দেশ আর্থিক দুরবস্থা মধ্যে দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ধর্মঘট যদি হয় তাহলে রুটিরুজি মার খাবে গরিব মানুষের। তাই এই ধর্মঘটের সরাসরি বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। পাল্টা তিনি অভিযোগ করেন, সিপিএম এর সঙ্গে গোপন আঁতাত আছে বিজেপির। তার ফলেই গত লোকসভা নির্বাচনে সিপিএমের ভোট কমেছে এবং বিজেপির ভোট বেড়েছে। রাজ্যের মানুষ সব জানে কার সঙ্গে কার আঁতাত আছে।



0 coment rios: