রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ধাপ ছুঁয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার নতুন আক্রান্তের সংখ্যাটা সেই মাইলস্টোনও টপকে গেল। এ দিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ১ হাজার ৮৯৪ জনের। তার জেরে রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৩৮ হাজার ১১। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। সেই সঙ্গে দৈনিক সংক্রমণের হার অর্থাৎ পজিটিভিটি রেটও গত কালকের থেকে কয়েক ধাপ বেড়ে হয়েছে ১৪.৩ শতাংশ।
স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন সংক্রমণের সংখ্যাও আগের সমস্ত সংখ্যা পেরিয়ে গিয়েছে। মঙ্গলবার প্রথম সেই সংখ্যাটা এক ধাক্কায় ৫০০ ছাড়িয়েছিল। এ দিন কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৩ জন। এ দিন মৃত ২৬ জনের মধ্যে ১২ জনই কলকাতার বাসিন্দা।
কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলাতেও করোনা সংক্রমণ নিয়েও উদ্বেগ বাড়ছে। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৪৪৩, দক্ষিণ ২৪ পরগনায় ১৬০, হাওড়ায় ১৮২, হুগলিতে ৮৩, পূর্ব মেদিনীপুরে ২৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। উদ্বেগের ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গেও। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে ৮৯, মালদহে ৮৮, দার্জিলিঙে ৭৪ এবং জলপাইগুড়িতে ৩১ জন নতুন করে করোনার কবলে পড়েছেন।
গত কাল রাজ্যে ‘পজিটিভিটি রেট’ বা দৈনিক সংক্রমণের হার ছিল ১২.৮ শতাংশ। এ দিন অবশ্য তা কয়েক ধাপ উপরে উঠে গিয়েছে। প্রতি দিন যে সংখ্যক মানুষের টেস্ট হচ্ছে, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে প্রতি দিনের সংক্রমণের হার। রাজ্যে প্রথম করোনা রোগীর সন্ধান মিলেছিল ১৮ মার্চ। তার পর থেকে এই সংক্রমণের হারের দিকে নজর রাখলে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে। শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, মোট ১৩ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১ হাজার ৮৯৪ জনের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৪.৩ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৮। এখন সুস্থতার হার ৫৮.৫৪ শতাংশ।
0 coment rios: