বিপদ সীমার উপর দিয়ে বইছে মালদার ফুলহার ও মহানন্দা নদীর জল। একদিকে রতুয়ায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে ফুলহার নদীতে। অন্যদিকে মহানন্দার জল বেড়ে ইংলিশ বাজারের পাশাপাশি পুরাতন মালদার ৮,৯ ও ২০ নম্বর ওয়ার্ডে জল বন্দি হয়ে পড়েছেন কয়েকশো পরিবার। ভাঙ্গন রোধে জেলা প্রশাসন ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। অন্যদিকে পুরাতন মালদার জল বন্দি মানুষদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে ।
আপার ক্যাচমেন্ট ব্যাপক বৃষ্টিপাত। আর যার ফলে জল বাড়ছে মালদার প্রধান তিনটি নদীর। গঙ্গা কিছুটা স্বস্তি দিলেও বিপদ সীমার ওপর দিয়ে বইছে ফুলহার ও মহানন্দা নদীর জল। জল বাড়ার সাথে সাথে রতুয়া বিলাই মারি এলাকায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে ফুলহার নদী তটে। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ফসলি জমি,বাগান। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি বলেন, ভাঙ্গন নিয়ে জেলাশাসককে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা করলে ভাল। নইলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব।
এদিকে মহানন্দা নদীর জল বেড়ে ইংলিশ বাজারের পাশাপাশি পুরাতন মালদা পৌরসভার 3টি ওয়ার্ডে ও জল ঢুকে পড়েছে। জল বন্দি হয়ে পড়েছেন কয়েকশো মানুষ। এলাকার মানুষদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সেচ দপ্তরের আধিকারিক আশুতোষ দত্ত বলেন,উত্তরবঙ্গের আপার ক্যাচমেন্টে টানা বৃষ্টির কারনে নদী গুলিতে জল বাড়ছে। আমরা সমস্তটায় নজর রাখছি।


0 coment rios: