শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৪৯ হাজার ৩১০ জন। যার জেরে দেশে করোনা পজিটিভের সংখ্যা গিয়ে দাঁড়াল ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫-এ। এদের মধ্যে অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৪০ হাজার ১৩৫। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮ লক্ষ ১৭ হাজার ২০৯ জন। সুস্থতার হার আশা জোগালেও মারণ ভাইরাস (coronavirus) এখনও কেড়ে চলেছে হাজারো প্রাণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৭৪০ জন। এখনও পর্যন্ত ৩০ হাজার ৬০১ জনের প্রাণ গিয়েছে এই মহামারীতে।
তবে করোনা মোকাবিলায় বাড়ানো হয়েছে নমুনা টেস্টও। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) তথ্য বলছে, ২৩ জুলাই পর্যন্ত মোট ১ কোটি ৫৪ লক্ষ ২৮ হাজার ১৭০টি স্যাম্পেল টেস্ট হয়েছে। যার মধ্যে গতকালই হয়েছে ৩ লক্ষ ৫২ হাজার ৮০১টি টেস্ট।
সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাংলা-সহ দেশের একাধিক রাজ্য ফের লকডাউনের পথে হেঁটেছে। টানা না হলেও সপ্তাহে দু-তিন করে লকডাউন হচ্ছে অনেক জায়গাতেই। সংক্রমণের চেনকে ভাঙতেই এই প্রচেষ্টা। বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছে, সেপ্টেম্বরে সংক্রণ শিখরে পৌঁছবে। কিন্তু বর্তমান সংখ্যাই চিন্তার ভাঁজ ফেলছে দেশবাসীর কপালে। তাই সেপ্টেম্বরের ছবিটা ভাবলেও আতঙ্কিত হতে হচ্ছে।


0 coment rios: