Friday, 17 July 2020

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পদ্মশ্রী প্রাপ্ত এক টাকার ডাক্তার


যখন সাধারণ মানুষকে চিকিৎসকের কাছে কাঁড়িকাঁড়ি টাকা গুনতে হয় সে সময় কয়েক দশক ধরে মাত্র ১ টাকায় রোগীদের চিকিৎসা দিয়ে বীরভূমের বোলপুরের হরগৌরী তলার চিকিৎসক সুশোভন ব্যানার্জি নজির গড়ে চলেছেন। আর এই নজির গড়ার কারণে এমবিবিএস, এমএফপিএ, ডিসিপি এই চিকিৎসক সাক্ষাৎ ভগবান হয়ে উঠেছেন সাধারণ মানুষদের সামনে। দীর্ঘ কয়েক দশক মানুষের সেবায় নিয়োজিত থাকার কারণে চলতি বছর ২৬ শে জানুয়ারি তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। আর এরপরে এবার ভারতের গন্ডী ছাড়িয়ে তিনি নাম তুললেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। গতকাল তাঁর এমন সম্মান প্রাপ্তির খবর আসে বোলপুরে।


চিকিৎসক সুশোভন ব্যানার্জির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে সাধারণ মানুষের পাশে থাকার জন্য এবং কয়েক দশক ধরে সর্বাধিক মানুষের চিকিৎসায় নিজেকে নিয়োজিত করার জন্য। তাঁকে ১ টাকায় চিকিৎসা করার পাশাপাশি যেকোনো মুহূর্তে দেখা গিয়েছে মুমূর্ষু রোগীদের পাশে থাকতে। একসময় যখন ২০১৯ সালের জুন মাসে রাজ্যজুড়ে চলছিল চিকিৎসকদের ধর্মঘট তখনও চিকিৎসা ক্ষেত্রে তাঁর কলম পাঁচ মিনিটের জন্য থেমে যায়নি। তিনি সেসময় সাধারণ রোগীদের পাশে থেকেই চিকিৎসকদের আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এরপরেও বর্তমান করোনা আবহে যখন দেশে লকডাউন জারি হয় তখন বহুসংখ্যক চিকিৎসককে দেখা গিয়েছিল প্রাইভেট চিকিৎসা বন্ধ করে দিতে। সে ক্ষেত্রে তিনি অকুতোভয়, চিকিৎসা চালিয়ে গেছেন দিনের পর দিন। আর দিনের পর দিন এই ভাবে মানুষের পাশে থাকার পরিপ্রেক্ষিতে এবার তাঁর নাম উঠলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠার খবর পেয়ে স্বভাবতই খুশি হয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, "জীবনে যত সম্মান এবং পুরস্কার পাচ্ছি তাতে দিনের পর দিন দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে। জানিনা আমি আমার এই অসুস্থ শরীর নিয়ে আর কতদিন এই সকল দায়িত্ব বহন করতে পারবো।"
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠা নিয়ে তিনি আরও জানান, "আমার কাজের ভিত্তিতে রমেশ শিবম টেলিফোনে আমার সাথে দুদিন কথা বলেন। তারপর তারা এই সার্টিফিকেটটি পাঠিয়ে দিয়েছেন। মানুষ পুরস্কৃত হলে যেমন আনন্দিত হয় স্বভাবত আমিও আনন্দিত হয়েছি।"দুঃস্থ দরিদ্রদের কাছে সাক্ষাৎ ভগবান স্বরূপ এই চিকিৎসকের একের পর এক সম্মান ও পুরস্কার প্রাপ্তি দিনের পর দিন গর্বিত করছে বাংলাকে, গর্বিত করছে বীরভূম জেলাকে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: