করোনার টিকার যাবতীয় ফর্মুলা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চিনের হ্যাকাররা। সায়েন্স রিসার্চ ফার্ম ও ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলির গবেষণার তথ্য চুরির চেষ্টাও হয়েছে। চিনের দিকেই সরাসরি অভিযোগের আঙুল তুলল আমেরিকা।
চিনের ভাইরাস সারা বিশ্বের ক্ষতি করছে এমন অভিযোগ আগেই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সাইবার অপরাধেও চিনকে কাঠগড়ায় তুলল আমেরিকা। মার্কিন বিচার বিভাগের কৌঁসুলি জন ডেমার্সের দাবি, আমেরিকা শুধু নয় বিশ্বের শতাধিক বায়োটেকনোলজি কোম্পানি ও ফার্মাসিউটিক্যালসের ভ্যাকসিন গবেষণার জরুরি ও গোপন নথি চুরির চেষ্টা করছে চিনের হ্যাকাররা। লি জিয়াউ (৩৪) ও ডং জিয়াঝি (৩৩) নামে চিনের দুই হ্যাকারকে শনাক্ত করাও হয়েছে বলে দাবি করেছেন তিনি। ডেমার্সের বক্তব্য, এই দুই হ্যাকার বিজ্ঞানী, ভাইরোলজিস্টরা ছাড়াও মানবাধিকার কর্মীদের ব্যক্তিগত তথ্যেও আড়ি পাতা শুরু করেছে। হ্যাকারদের সঙ্গে চিনা সরকারের যোগসাজশ আছে বলেও অভিযোগ করেছেন তিনি।
মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, লি এবং ডং চিনের একই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছে। দু’জনেই ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার। গত দশ বছর ধরে তারা কম্পিউটার হ্যাকিংয়ের কাজ করছে। অ্যাসিস্টান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমার্সের দাবি, চিনের সরকারের হয়ে কাজ করছে এই দুই হ্যাকার। কোন কোম্পানিতে ভ্যাকসিনের গবেষণা কীভাবে হচ্ছে, টিকা তৈরি হচ্ছে কী করে তার যাবতীয় ফর্মুলা চুরির চেষ্টা চালাচ্ছে ওই দুই হ্যাকার লি এবং ডং।


0 coment rios: