রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার চোপড়া উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় এক কিশোরীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে।সোনাপুর গ্রামপঞ্চায়েতের বসলামপুর গ্রামের বাসিন্দা ঐ কিশোরী। পরিবার ও স্থানীয় বাসিন্দারা ওই কিশোরীকে ধর্ষন করে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে চোপড়ার সোনাপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর চোপড়া থানার পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে অবরোধ তুলতে গেলে স্থানীয় বাসিন্দাদের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে যায়।
পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। এরপরই পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত বিক্ষোভকারীরা রাস্তায় থাকা সরকারি বাসসহ পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে গুলি চালনার। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কমব্যাট ফোর্স ও র্যাফ নামানো হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের শেল ফাটায় পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের পদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী। এলাকায় এখনও ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।


0 coment rios: