রাজ্যে দৈনিক সংক্রমণের হার এক ধাক্কায় বাড়ল কয়েক ধাপ। মঙ্গলবার ‘পজিটিভিটি রেট’ ছিল ১২.৫। বুধবার তা বেড়ে হয়েছে ১৪ শতাংশ। এ দিন ১ হাজার ৫৮৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। তার ফলে এ রাজ্যে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪২৭।
এ দিন সন্ধ্যায় প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৯ জনের। ৬ জন মারা গিয়েছেন উত্তর ২৪ পরগনায়। ৩ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। সব মিলিয়ে জেরে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা এখন ১ হাজার।
কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। গত কাল মঙ্গলবার কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় অবশ্য তা কিছুটা কমে হয়েছে ৪২৫।
এত দিন কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক ছিল। তার সঙ্গে যোগ হয়েছে পূর্ব মেদিনীপুরও। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৩৪৭, দক্ষিণ ২৪ পরগনায় ১৭৪, হাওড়ায় ১৫১, হুগলিতে ৭৪ এবং পূর্ব মেদিনীপুরে ৬০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।প্রতিদিন যে সংখ্যক মানুষের টেস্ট হচ্ছে, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে প্রতিদিনের ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। রাজ্যে প্রথম করোনা রোগীর সন্ধান মিলেছিল ১৮ মার্চ। তার পর থেকে এই সংক্রমণের হারের দিকে নজর রাখলেও উদ্বেগ বেড়েই চলেছে। বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, মোট ১১ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন করোনা ধরা পড়েছে ১ হাজার ৫৮৯ জনের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ‘পজিটিভিটি রেট’ আগের দিনের তুলনায় কিছুটা বেড়ে হয়েছে ১৪ শতাংশ।
রাজ্যে এ দিন পর্যন্ত মোট ২০ হাজার ৬৮০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৬০ শতাংশের কিছুটা বেশি।


0 coment rios: